তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির ১৯টি মামলার এজাহারভুক্ত আসামী আন্তঃ জেলা গরু চোর চক্রের সর্দার মো. লিটন শেখকে (৪৮) গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।গতকাল রবিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশসহ আশে পাশের বিভিন্ন জেলায় গরু চুরির সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা, বগুড়ার শেরপুর, নড়াইলসহ বিভিন্ন থানায় গরু চুরির মোট ১৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, ১৯ মামলার কুখ্যাত আসামি লিটন শেখকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com