মোঃ মুন্না হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বর্ষার নতুন পানিতে দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলে শুরু হয়েছে টাটকা দেশীয় মাছ ধরা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন বিল, খাল ও জলাশয়ে জেলেদের জালে ধরা পড়ছে শিং, মাগুর, কৈ, টেংরা, পুঁটি, খলিশা, টাকি, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। এতে স্থানীয় বাজারগুলোতে বেড়েছে টাটকা মাছের সরবরাহ, আর ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।
স্থানীয় জেলেরা জানান, বর্ষার নতুন পানির কারণে মাছের বিচরণ ও প্রজনন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ভোর থেকে জেলেরা বিভিন্ন ধরনের জাল নিয়ে বিলে মাছ ধরতে নামছেন। ধরা পড়া মাছ স্থানীয় বাজারে বিক্রি করে তারা ভালো দাম পাচ্ছেন, ফলে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন পানির দেশীয় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। প্রতিদিন ভোরে চলনবিল থেকে আসা টাটকা মাছ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। স্বাদ ও পুষ্টিগুণের কারণে দেশীয় মাছের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।এদিকে মৎস্যসংশ্লিষ্টরা বলছেন, চলনবিলের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের উৎপাদন ধরে রাখতে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই ভবিষ্যতেও চলনবিল তার প্রাকৃতিক ঐতিহ্য ও দেশীয় মাছের সমৃদ্ধি বজায় রাখতে সক্ষম হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com