তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টাবাজারে হাটের জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মানিকচাপড় গ্রামের ব্যবসায়ী বাবলুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় হাট ইজারাদার ও প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) গুল্টাবাজারে হাটের জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করেন ব্যবসায়ী বাবলু। বিষয়টি জানতে পেরে স্থানীয় হাট ইজারাদার তাকে নির্মাণকাজ বন্ধ করতে বলেন। হাটে আসা মানুষের সুবিধার্থে ওই স্থানে একটি শৌচাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান ইজারাদার। একাধিকবার নিষেধ করা হলেও বাবলু নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
তবে ঘর নির্মাণের বিষয়ে বাবলুর দাবি, স্থানীয় বাজার কমিটির হানিফ ও প্রফেসর মো. মজিবর রহমানের অনুমতি নিয়েই তিনি ঘর নির্মাণ করছেন। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী হানিফ ও প্রফেসর মো. মজিবর রহমান বলেন, আমরা তাকে ঘর নির্মাণের অনুমতি দিয়েছি।
অন্যদিকে, স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, গুল্টাবাজারে এখনো কোনো বাজার কমিটি গঠন করা হয়নি। ফলে বাজার কমিটির অনুমতির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নাজির উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সরকারি খাস জায়গায় ঘর নির্মাণের বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ঘর নির্মাণের খবর পেয়ে গ্রাম পুলিশের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের দাবি, সরকারি খাস জায়গা বা হাটের জায়গায় অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা হচ্ছে কি না, তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।#
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com