তাড়াশ ঘোড়া দিয়ে জমি চাষ

Spread the love
​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রাচীনকাল থেকেই মালপত্র বহন ও মানুষের বাহন হিসেবে ঘোড়ার ব্যবহার হয়ে আসলেও আধুনিকতার ছোঁয়ায় আজ প্রায় বিলুপ্তির পথে। যেখানে যান্ত্রিক ট্রাক্টর ও পাওয়ার টিলারের যুগে ফসলের মাঠে গরুর হালের দেখাও মেলে না।সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক কৃষক। তিনি গরুর বদলে একটিমাত্র ঘোড়া দিয়ে জমিতে মই ও চাষাবাদের কাজ করছেন।
​ব্যতিক্রমী এই কৃষকের নাম শফিকুল ইসলাম। তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের বাসিন্দা।
​বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের পাশের একটি কৃষি জমিতে গিয়ে দেখা যায়, কৃষক শফিকুল ইসলাম পরম যত্নে ঘোড়া দিয়ে জমিচাষ ও মই দিচ্ছেন।
​এ সময় কথা হয় কৃষক শফিকুলের সঙ্গে। তিনি জানান, জীবিকার তাগিদে ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়ার লক্ষ্য নিয়ে প্রায় ৫ বছর আগে ২৪ হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনেছিলেন তিনি। বর্তমানে এই ঘোড়া দিয়েই চলছে তাঁর সংসার।
​নিজের আয়ের বিষয়ে শফিকুল ইসলাম বলেন, “প্রতি বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে খরচ নিই ২৫০ টাকা। দিনে প্রায় ৫ বিঘা জমিতে মই দেওয়া যায়, যা থেকে দিনে এক হাজার দুইশত পঞ্চাশ টাকা আয় হয়।”​তিনি আরও জানান, আমন ও বোরো—দুই মৌসুম মিলিয়ে ঘোড়া থেকে তাঁর প্রায় ৬০ হাজার টাকা আয় হয়। পাশাপাশি বছরের বিভিন্ন সময় ঘোড়াটিকে বীজতলা তৈরির কাজেও ব্যবহার করেন তিনি।
​এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, “কৃষকরা এখন আধুনিক ও যান্ত্রিক উপায়ে জমি চাষ করেন। ঘোড়া দিয়ে জমি চাষ করার ঘটনা এখন আর সচরাচর দেখা যায় না। কৃষক শফিকুল ইসলাম নিজের প্রয়োজনে ও বাড়তি আয়ের জন্য ঘোড়া দিয়ে জমি চাষ বা মই দিচ্ছেন, এটি সম্পূর্ণ তাঁর নিজস্ব ব্যাপার। তবে কৃষি বিভাগ সব সময় কৃষকদের আধুনিক ও উন্নত যন্ত্রাংশ ব্যবহার করে চাষাবাদ করার পরামর্শ দিয়ে থাকে।”

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD