মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
বুধবার ২৬ আগস্ট ২০২৬ এবং ১২ ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত এই দিনটি সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ, কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসক কার্যালয় ও ইসলামী ফাউন্ডেশন সিরাজগঞ্জ। মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বব্যাপী মুসলমানগণ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) হিসেবে পালন করেন। হযরত মুহাম্মদ (সা:) মানুষকে ইসলামের পথে আহ্বান করতেন এবং শান্তি, ন্যায়, মানবিকতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা প্রচার করতেন। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ ( সা:)জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনেই তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে মুসলিম উম্মাহর মধ্যে শান্তি- সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ব, আরো সুদৃঢ় হোক এই প্রত্যাশা মুসলিম উম্মার । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশন এর মাওলানা আল আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশন এর উপ পরিচালক মোঃ ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রুহুল আমিন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইশারত আলী,সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ও নুরুন্নবী প্রমুখ। এরপর সারাদেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করা হয় এবং সবশেষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা, হামদ ও নাথ প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com