মাহবুব আলম বাবু : নাটোরের সিংড়ায় প্রেমিকের সাথে পালিয়ে যাবার টাকার অভাবে নিজের মামাত বোন জুঁইকে হত্যা করেছে প্রেমিকা সারজিনা খাতুন (১৯)। বাড়ির অদূরে একটি বিল হতে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। জুঁইকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এসময় তার কানে থাকা দু আনি স্বর্ণ এবং নাকফুল নেয় খুনি সুরজিনা।
তবে কথিত প্রেমিকের পরিচয় জানা যায়নি। নিহত জুঁই উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের রামনগর গ্রামের হারেজ আলীর কন্যা। সে পাচুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ছিলো। এদিকে গত বৃহস্পতিবার বিকেলে পালিয়ে যাবার পথে সিংড়া বাসস্ট্যা›ড থেকে সারজিনাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে রামনগর গ্রামের প্রতিবেশী এবং সম্পর্কে মামাত বোন জুঁইকে ভূলিয়ে বাকাই বিলে গোবর কুড়াতে নিয়ে যায় সারজিনা। দুপুরে জুঁই এর বাবা হারেজ তার স্ত্রীকে জুঁই কোথায় বললে সে জানায় সারজিনার সাথে বের হয়ে গেছে। জুঁই এর মা সারজিনার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তারা কেউ বাড়িতে ফিরেনি। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। এসময় খবর পান সারজিনাকে ভ্যানে করে একা চলে যেতে দেখেছে স্থানীয়রা। পরে নিহতের বাবা সহ প্রতিবেশীরা বিলে খোঁজ করতে গিয়ে মেয়ের গামছা দেখতে পান। সেখানেই তাঁর লাশ খুঁজে পান স্বজনরা। এদিকে ঘটনা জানাজানি হলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা হতে সারজিনাকে আটক করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই পলাশ জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে সারজিনা। এতে প্রেমিকের সাথে পালিয়ে যাবার অর্থের কারণে জুঁইকে হত্যার কথা স্বীকার করেছে। তবে কোর্টে জবানবন্দী রেকর্ড করা হবে। সিংড়া থানার ওসি মনিরুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com