নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উষাইকোল গ্রামের হতদরিদ্র অনীল চন্দ্র সিংহ (৮০) ও তাঁর স্ত্রী সাগরিকা সিংহ চরম মানবেতর জীবনযাপন করছেন। বার্ধক্যের ভার ও চরম দারিদ্র্যের কারণে খেয়ে না খেয়ে দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির।
স্থানীয় সূত্রে জানা যায়, তিলোক চন্দ সিংহের পুত্র অনীল চন্দ্র সিংহ ও সাগরিকা দম্পতি দীর্ঘ জীবনে আটটি সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু নির্মম এক বাস্তবতায় তাঁদের প্রতিটি সন্তানই জন্ম নেওয়ার মাত্র দুই থেকে চার দিন বয়সেই মারা যায়। একে একে সব সন্তান হারিয়ে জীবনের শেষ বয়সে এসে আজ তাঁরা পুরোপুরি নিঃস্ব ও অভিভাবকহীন।বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতির কোনো কর্মক্ষমতা নেই, যা দিয়ে তাঁরা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করবেন। অভাবের তাড়নায় অনেক দিনই তাঁদের পেটে ঠিকমতো খাবার জোটে না। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাঁদের।বার্ধক্যের এই সময়ে একটু শান্তিতে বেঁচে থাকার কথা থাকলেও, এই নিঃস্ব দম্পতির ভাগ্যে জুটেছে কেবল বুকভাঙ্গা কষ্ট আর দুর্দশা।স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ানো প্রয়োজন।এ বিষয়ে এলাকাবাসী ও সুধীসমাজ সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুত অনীল চন্দ্র সিংহ ও সাগরিকা দম্পতির জন্য নিয়মিত খাদ্য সহায়তা এবং একটি সরকারি ভাতার কার্ডের ব্যবস্থা করা হয়।এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, এ বিষয়ে আমি জানতে পেরেছি। আমরা খোঁজ নিয়ে ওনাদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com