ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পাবনা ও সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
রোববার (৮ নভেম্বর ) সকালে তিনি ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীদের চিকিৎসাসেবা, ওষুধপত্রের প্রাপ্যতা ও সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান, চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে তিনি প্রয়োজনীয় পরামর্শও প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হালিমা খানম, ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com