সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করে শীর্ষে রয়েছে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১০১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৩৭ জন শিক্ষার্থী।প্রতিষ্ঠানটির পাসের হার ৩৬ দশমিক ৬৩ শতাংশ, যা তাড়াশ উপজেলার সব কলেজের মধ্যে সর্বোচ্চ।উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তবে কাঙ্ক্ষিত ফলাফলের ধারা আরও সুসংহত করতে পাসের হার বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।এ বিষয়ে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com