নুরুল ইসলাম বাবুল:
গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া থেকে টেংগরজানি পর্যন্ত সড়কের দুইপাশে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘খালেক-নাছির পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করে।
‘খালেক-নাছির পরিষদ’র প্রস্তুতি কমিটির সদস্য শরিফুজ্জামান (আজমির)-এর তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আবু শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সদস্য প্রয়াত ছড়াকার ও সংগঠক ফকির খালেক’র সহধর্মিণী সালমা মুকুল, প্রয়াত প্রাবন্ধিক ও সাংস্কৃতিক সংগঠক নাছির উদ্দীন আহমাদের সহধর্মিণী ফিরোজা খাতুন এবং প্রস্তুতি কমিটির সদস্য সচিব জুলকার নাইন সুবীর।
কর্মসূচিতে স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সামাদ মাষ্টার, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লোকমান হোসেন, মুকুল মোল্লা, শাহাদুল সরকার, আলোমগীর সরকার, মুহাম্মাদ আলী জিন্নাহ, আরিফ প্রাং, আরিফ মৃধা, আবির মৃধা, রফিকুল ইসলাম, আশরাফুজ্জামান সুরুজ, রেজাউল করিম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে বোয়ালিয়া থেকে টেংগরজানি পর্যন্ত সড়কের দুই পাশে তালবীজ রোপণ করা হয়। আয়োজকরা জানান, তালগাছ গ্রামীণ জনপদের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ রোপণ করা এসব তালবীজ ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে পথচারীদের জন্য ছায়া সৃষ্টি করবে এবং সড়কের দুই পাশকে আরও সবুজ ও মনোরম করে তুলবে। ‘খালেক -নাছির পরিষদ’র এ উদ্যোগের মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। ‘আজকের ছোট্ট একটি উদ্যোগ—আগামী দিনের ছায়াঘেরা পথ’ বলেও মনে করেন তারা।
খালেক-নাছির পরিষদ’র উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচি
ReplyForward
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com