অসহায় বিল্লালের প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হারোপাড়া গ্রামে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একটি গরু গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। আগুনে গোয়ালঘর, গরু ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন ওই গ্রামের জলিল প্রামাণিকের ছেলে। তিনি একজন হতদরিদ্র মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিল্লাল হোসেনের বাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। এতে গোয়াল ঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায় এবং আরও একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।বিল্লালের বাড়িটি ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় একটি গোয়ালঘর, দুটি গরু ও ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন,ভাঙ্গুড়া পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহিন হোসেন।হতদরিদ্র বিল্লাল হোসেনের গবাদিপশুই ছিল পরিবারের আয়ের অন্যতম অবলম্বন। আগুনে গরু হারিয়ে তিনি এখন দিশেহারা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি-বেসরকারি সহায়তা কামনা করেছে।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com