সফল রাষ্ট্রনায়ক মহানবী হযরত মুহাম্মদ (সা.)

Spread the love

মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ

লেখক, দাঈ গবেষক

ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় পৃথিবী অসংখ্য রাজা, সম্রাট, শাসক ও রাষ্ট্রনায়কের উত্থান-পতন প্রত্যক্ষ করেছে। কেউ বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, কেউ যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড জয় করেছেন, কেউ অর্থ-বিত্ত ও ক্ষমতার প্রভাব বিস্তার করেছেন। কিন্তু ইতিহাসে এমন একজন মহান ব্যক্তিত্ব রয়েছেন, যাঁর নেতৃত্ব কোনো সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত ছিল না; বরং ছিল সত্য, ন্যায়, মানবিকতা, দায়িত্ববোধ ও আল্লাহর আনুগত্যের ওপর। তিনি হলেন বিশ্বমানবতার মুক্তির দূত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

তিনি শুধু একজন নবী ও রাসুলই ছিলেন না; তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, সমাজসংস্কারক, ন্যায়বিচারক, কূটনীতিক, সেনানায়ক এবং সফল রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে আরবের বিভক্ত, সংঘাতময় ও অরাজক সমাজ একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থায় রূপান্তরিত হয়েছিল।

অন্ধকার যুগে আলোর আবির্ভাব

মহানবী (সা.)-এর আগমনের পূর্বে আরব সমাজ ছিল অজ্ঞতা, গোত্রীয় হিংসা, মূর্তিপূজা, হত্যা, সুদ, শোষণ, অনাচার ও নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত। শক্তিশালী ব্যক্তি দুর্বলকে শোষণ করত। বংশ ও গোত্রের অহংকার মানুষের মর্যাদার মাপকাঠিতে পরিণত হয়েছিল। নারীর অধিকার ছিল প্রায় অনুল্লেখ্য। কন্যাসন্তানের জন্ম অনেকের কাছে ছিল লজ্জা ও বোঝার বিষয়। দাস-দাসীদের মানবিক মর্যাদাও ছিল না।

এমন এক অন্ধকার সময়ে মহানবী (সা.) সত্য ও মানবতার বার্তা নিয়ে আবির্ভূত হন। নবুয়তের পূর্বেই তাঁর চরিত্র ছিল নির্মল ও পবিত্র। মক্কার মানুষ তাঁকে ‘আল-আমিন’—বিশ্বস্ত—হিসেবে চিনত। সমাজের চারদিকে যখন অনাচার ও নৈতিক অবক্ষয়ের বিস্তার, তখন তিনি সত্যের সন্ধানে নির্জনতা অবলম্বন করতেন। হেরা গুহায় তাঁর সেই ধ্যানমগ্ন জীবনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে ওহির সূচনা হয় এবং শুরু হয় মানবসভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায়।

মক্কা থেকে মদিনা: রাষ্ট্রনায়ক হিসেবে নতুন অধ্যায়

নবুয়তের পর দীর্ঘ সময় মহানবী (সা.) মক্কায় ইসলামের দাওয়াত দেন। প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে তিনি মানুষকে তাওহিদ, ন্যায়, মানবিকতা ও পরকালের জবাবদিহির দিকে আহ্বান করেন। কিন্তু মক্কার প্রভাবশালী নেতারা তাঁর আহ্বান গ্রহণ না করে তাঁকে ও তাঁর অনুসারীদের ওপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে মুসলমানদের মদিনায় হিজরত শুরু হয়।

অবশেষে আল্লাহর নির্দেশে মহানবী (সা.) হযরত আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশে হিজরত করেন। মদিনাবাসী তাঁকে অভূতপূর্ব ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করে। তাঁকে শুধু ধর্মীয় নেতা হিসেবে নয়, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্বও অর্পণ করা হয়।

এখান থেকেই শুরু হয় রাষ্ট্রনায়ক মুহাম্মদ (সা.)-এর এক অনন্য অধ্যায়।

মদিনা সনদ: বহুত্ববাদী সমাজে রাষ্ট্রব্যবস্থার অনন্য দৃষ্টান্ত

মদিনায় মহানবী (সা.) এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যার ভিত্তি ছিল পারস্পরিক চুক্তি, দায়িত্ব, অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার। মদিনা সনদের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় ও গোত্রের পারস্পরিক সম্পর্ক, দায়িত্ব এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কাঠামো নির্ধারিত হয়।

মদিনা রাষ্ট্র কোনো নির্দিষ্ট গোত্রের ব্যক্তিগত সম্পত্তি ছিল না। এটি ছিল বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা। মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার বিষয়ও সেখানে বিবেচনায় নেওয়া হয়েছিল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে এবং রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা ও দায়িত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতা করবে—এমন একটি কাঠামো গড়ে ওঠে।

রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটি রাষ্ট্রের মৌলিক ভিত্তি হলো নাগরিকের অধিকার রক্ষা, আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, নিরাপত্তা এবং জনকল্যাণ। মহানবী (সা.)-এর মদিনা রাষ্ট্রে এসব নীতির বাস্তব প্রয়োগ দেখা যায়।

মসজিদ: রাষ্ট্র পরিচালনার প্রাণকেন্দ্র

মদিনায় মহানবী (সা.) মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। এটি শুধু নামাজের স্থান ছিল না; বরং ইসলামী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের কেন্দ্র হয়ে ওঠে। রাষ্ট্রীয় পরামর্শ, শিক্ষা, বিচার, সামাজিক কল্যাণ এবং জনসম্পর্কের বহু গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকেই পরিচালিত হতো।

এর মাধ্যমে মহানবী (সা.) বুঝিয়ে দিয়েছেন—একটি রাষ্ট্রের শক্তি কেবল তার সামরিক বাহিনী বা অর্থভাণ্ডারে নয়; বরং তার নৈতিক ভিত্তি, শিক্ষাব্যবস্থা, নেতৃত্বের সততা এবং জনগণের সঙ্গে শাসকের সম্পর্কের মধ্যেই নিহিত।

দাসপ্রথার বিরুদ্ধে মানবিক বিপ্লব

মহানবী (সা.)-এর আগমনের পূর্বে দাসপ্রথা ছিল পৃথিবীর বহু সমাজের কঠিন বাস্তবতা। মানুষকে বাজারে পণ্যের মতো কেনাবেচা করা হতো। দাস-দাসীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো এবং তাদের স্বাধীনতা ও মানবিক মর্যাদা কেড়ে নেওয়া হতো।

ইসলাম এই নিষ্ঠুর বাস্তবতার সংস্কার শুরু করে। কুরআনে বিভিন্ন বিধানের মধ্যে দাসমুক্তিকে গুরুত্বপূর্ণ একটি পন্থা হিসেবে রাখা হয়। সুরা আল-মায়িদার ৮৯ নম্বর আয়াতে কাফফারার অন্যতম পন্থা হিসেবে একজন দাস মুক্ত করার কথা উল্লেখ রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) দাসদের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ দিয়ে বলেছেন, তারা তোমাদেরই ভাই। তোমরা যা খাও, তাদেরও তা খেতে দেবে; তোমরা যা পরিধান করো, তাদেরও তা পরাবে। তাদের সামর্থ্যের অতিরিক্ত কোনো কাজের দায়িত্ব দিলে তাদের সহযোগিতা করবে।

এ ছিল তৎকালীন সমাজের প্রচলিত শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে এক গভীর মানবিক ঘোষণা।

বর্ণ ও জাতিগত বৈষম্যের অবসান

মহানবী (সা.) মানুষের মর্যাদাকে বংশ, বর্ণ, গোত্র কিংবা সম্পদের সঙ্গে যুক্ত করেননি। তিনি মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে তাকওয়াকে সামনে এনেছেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“কোনো অনারবের ওপর আরবের, আরবের ওপর অনারবের; কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কিংবা শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই; মর্যাদার ভিত্তি হলো তাকওয়া।”

এই নীতির বাস্তব প্রতিফলন দেখা যায় সাহাবিদের জীবনে। হযরত বিলাল (রা.), যিনি একসময় দাস ছিলেন, পরবর্তীতে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা লাভ করেন। হযরত আম্মার ইবন ইয়াসির (রা.), উসামা ইবন যায়েদ (রা.)সহ বহু সাহাবি তাঁদের যোগ্যতা ও তাকওয়ার কারণে ইসলামী সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অর্থাৎ ইসলামী রাষ্ট্রে মানুষের পরিচয় তার বংশ দিয়ে নয়, তার ঈমান, চরিত্র ও যোগ্যতা দিয়ে মূল্যায়িত হয়েছে।

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাত

একটি রাষ্ট্রে যদি সম্পদ কেবল অল্পসংখ্যক মানুষের হাতে জমা হতে থাকে এবং বিপুল জনগোষ্ঠী দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, তাহলে সেখানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন। মহানবী (সা.) অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় যাকাতের বিধান চালু করেন।

যাকাত ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র ও অধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এটি শুধু দান নয়; বরং সম্পদের ওপর দরিদ্রের একটি নির্ধারিত অধিকার।

হযরত মু‘আয ইবন জাবাল (রা.)-কে ইয়ামানে পাঠানোর সময় মহানবী (সা.) তাঁকে জানান, মানুষকে প্রথমে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে হবে। তারা তা গ্রহণ করলে তাদের জানাতে হবে যে, আল্লাহ তাদের সম্পদের ওপর যাকাত ফরজ করেছেন এবং তা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে।

এই নীতির সুফল পরবর্তী ইসলামী শাসনামলেও প্রতিফলিত হয়েছিল। উমর ইবন আবদুল আজিজ (রহ.)-এর শাসনামলে সুশাসন ও সুষ্ঠু যাকাত ব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে, যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল।

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা

মহানবী (সা.) এমন এক সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেন, যেখানে কন্যাসন্তান জন্মকে অনেকেই লজ্জার বিষয় মনে করত। কোথাও কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো বর্বর প্রথাও ছিল। নারীর উত্তরাধিকার অধিকার ছিল না এবং অনেক ক্ষেত্রে নারীকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো।

মহানবী (সা.) এই অবস্থার পরিবর্তন করেন। তিনি মায়ের মর্যাদা এমন উচ্চতায় উন্নীত করেন যে, জান্নাতের সঙ্গে মায়ের সেবাকে সম্পৃক্ত করা হয়েছে। কন্যাসন্তানকে বোঝা নয়, বরং সৌভাগ্য ও জান্নাতের কারণ হিসেবে দেখার শিক্ষা দিয়েছেন। নারীর উত্তরাধিকার অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন।

বিদায় হজের ভাষণেও নারী-পুরুষের পারস্পরিক অধিকার ও দায়িত্বের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

এভাবে মহানবী (সা.) নারীকে সামাজিক মর্যাদা, সম্পদের অধিকার এবং পারিবারিক সম্মানের স্বীকৃতি দিয়েছেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

রাষ্ট্র ধ্বংসের অন্যতম প্রধান কারণ দুর্নীতি ও স্বজনপ্রীতি। যখন আইন ধনী-গরিবের জন্য ভিন্ন হয়ে যায়, তখন রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়।

মহানবী (সা.) ছিলেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর। মক্কা বিজয়ের সময় এক সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে অভিযুক্ত হলে তার জন্য সুপারিশ করা হয়। এতে মহানবী (সা.) অসন্তোষ প্রকাশ করেন এবং জানান, পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছিল এ কারণে যে, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি অপরাধ করলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বল ব্যক্তি অপরাধ করলে তার ওপর আইন প্রয়োগ করা হতো।

এখানে রাষ্ট্রনায়ক মুহাম্মদ (সা.)-এর একটি মৌলিক নীতি স্পষ্ট—আইনের চোখে সবাই সমান।

অপরাধীর পরিচয়, বংশ, সম্পদ কিংবা ক্ষমতা বিচারকে প্রভাবিত করতে পারবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে অপরাধ ও প্রমাণের ভিত্তিতে।

জনগণের জান-মাল ও সম্মানের নিরাপত্তা

বিদায় হজের ভাষণে মহানবী (সা.) মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি মানুষের পারস্পরিক জীবন, সম্পদ ও ইজ্জতের ওপর অন্যায় হস্তক্ষেপকে নিষিদ্ধ করেন। একই সঙ্গে জাহেলি যুগের হত্যার দাবি ও সুদের দাবি বাতিল ঘোষণা করেন।

তিনি আরও শিক্ষা দিয়েছেন—কেউ অন্যের অপরাধের দায় বহন করবে না। পিতার অপরাধের জন্য সন্তানকে এবং সন্তানের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না।

এটি ন্যায়বিচারের একটি মৌলিক নীতি। রাষ্ট্রের দায়িত্ব হলো অপরাধীকে আইনের আওতায় আনা; নিরপরাধ মানুষকে অপরাধীর পরিচয়ের কারণে শাস্তি দেওয়া নয়।

রাষ্ট্রনায়কের কাছে জনগণ একটি আমানত

মহানবী (সা.)-এর রাষ্ট্রচিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল—ক্ষমতাকে তিনি ব্যক্তিগত সম্পদ মনে করেননি। রাষ্ট্রীয় দায়িত্ব ছিল তাঁর কাছে আমানত।

শাসকের দায়িত্ব হলো জনগণের জান-মাল, ইজ্জত, অধিকার ও নিরাপত্তা রক্ষা করা। জনগণের সম্পদ আত্মসাৎ করা, ক্ষমতার অপব্যবহার করা কিংবা রাষ্ট্রীয় দায়িত্বকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা তাঁর আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

এই কারণেই মহানবী (সা.)-এর রাষ্ট্রব্যবস্থায় শাসক ও সাধারণ মানুষের মধ্যে আইনের মৌলিক সমতা প্রতিষ্ঠিত হয়েছিল।

আধুনিক রাষ্ট্রব্যবস্থার জন্য মদিনার শিক্ষা

আজকের পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা নিয়ে নানা তত্ত্ব, মতবাদ ও দর্শন রয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদসহ বিভিন্ন মতবাদ রাষ্ট্র পরিচালনার নানা কাঠামো উপস্থাপন করেছে। কিন্তু যেকোনো রাষ্ট্রব্যবস্থার সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে—মানুষ কতটা নিরাপদ, ন্যায়বিচার কতটা প্রতিষ্ঠিত, দুর্নীতি কতটা নিয়ন্ত্রিত, অর্থনৈতিক বৈষম্য কতটা কমেছে এবং নাগরিকের মর্যাদা কতটা সংরক্ষিত হয়েছে তার ওপর।

মদিনার রাষ্ট্রব্যবস্থায় আমরা এসব মৌলিক প্রশ্নের বাস্তব প্রয়োগ দেখতে পাই। সেখানে নেতৃত্ব ছিল দায়িত্ব, ক্ষমতা ছিল আমানত, আইন ছিল সবার জন্য এবং জনকল্যাণ ছিল রাষ্ট্র পরিচালনার অন্যতম উদ্দেশ্য।বিদায় হজের ভাষণে মহানবী (সা.) যে নীতিগুলো ঘোষণা করেছিলেন, সেগুলো শুধু তাঁর সময়ের জন্য ছিল না; বরং মানবজীবনের ন্যায়, নিরাপত্তা ও মর্যাদার চিরন্তন ভিত্তির সঙ্গে সম্পৃক্ত।কুরআন ও সুন্নাহর আলোকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD