নাটোর প্রতিনিধি:
নাটোর পৌরসভায় সরকারি নির্দেশনায় গণভোটে হ্যাঁ ভোট দিতে প্রচারণায় নামে একটি আকর্ষনীয় ভোটের গাড়ি। কিন্তু মানুষের সমালোচনায় মাত্র দেড় ঘণ্টা পরই বন্ধ হয়ে যায় এই প্রচারণা।
তথ্যমতে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি নাটোর পৌরসভায় তৎকালীন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি মেয়রের কাছে ভারত সরকারের উপহারের একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এই অ্যাম্বুলেন্সটিকেই গণভোটের প্রচারণার গাড়ি বানানো হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনায় তারা একটি ব্যাটারিচালিত রিকশা ভাড়া নিয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেন। কিন্তু ওই গাড়ির প্রচারণায় খুব একটা সাড়া মেলেনি। পরে বিষয়টি আলোচনা করে জনগণকে আকর্ষণ করতে সোমবার সকালে পৌর কর্তৃপক্ষ ওই অ্যাম্বুলেন্সে আকর্ষনীয় স্টিকার সেঁটে হ্যাঁ ভোটের প্রচারণায় নামায়। কিন্তু কিছু মানুষের সমালোচনায় মাত্র দেড় ঘণ্টা পরই বন্ধ হয় ওই অ্যাম্বুলেন্সে গণভোট প্রচারণা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পৌর কর্মকর্তা জানান, ওই এ্যাম্বুলেন্সটি দিয়ে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা শুরুর পর গণমাধ্যমকর্মী ও শহরের কিছু মানুষ নানা প্রশ্ন আর ফোন করতে থাকেন। তাদের প্রশ্ন, অ্যাম্বুলেন্সে কেন ওই প্রচারণা চালানো হচ্ছে। একপর্যায়ে সমালোচনা বন্ধ করতে ওই অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচারণা বন্ধ করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com