উল্লাপাড়ায় বোরো বীজের  চারা সবল করতে নানা পরিচর্যা

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের অনেকেই তাদের বোরো ( ইরি) ধানের বীজতলা পরিচর্যা করছেন। বীজতলার চারা সবল করতে সুস্থ রাখতে নানা ঔষধ স্প্রে করা হচ্ছে। বছরের প্রধান বোরো ধান আবাদ শুরুর আর বেশি দিন দেরি নেই। বীজতলার চারা জমিতে লাগানো হবে।
উল্লাপাড়া অঞ্চলে বোরো ধান ফসল কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ হয়েছে। উপজেলার প্রায় সব এলাকাতেই কৃষকেরা বোরো ( ইরি) ধানের বীজতলা করেছেন। নাবী করে বোরো ধান আবাদ করবেন সেসব কৃষকেরা এখন বীজতলার জমি তৈরি করছেন বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে কৃষকেরা আবাদী জমির এক কোনায় পানি সেচ দিয়ে , বিলের ও খালের জমিতে নানা জাতের বোরো ধানের বীজতলা করেছেন। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারে কৃষি প্রণোদনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মোট ৩ হাজার ২০০ জন কৃষক বিনামূল্যে বোরো ধান বীজ পেয়েছেন । এবারের মৌসুমে গোটা উপজেলায় ১ হাজার ৯৭৫ হেক্টরে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৩৭০ হেক্টর পরিমাণ জমিতে ধরা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু , জগজীবনপুর , নাইমুড়ী , বনবাড়িয়া , রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ , রহিমাবাদ , উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা , বাখুয়া , পংরৌহা , মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর , সুজা , দহকুলা , কৈবর্তগাতী , উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রাম ও আরো বিভিন্ন এলাকায় কৃষকেরা নানা জাতের বোরো ধানের বীজতলা করেছেন। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কৃষক মো. আঃ করিম আবাদী মাঠে সাড়ে ১৮ শতক জমিতে বোরো ধান ফসলের বীজতলা করেছেন। তিনি হাইব্রিড জাতের ২৮ কেজি ধানের বীজতলা করেছেন। আবহাওয়ায় কুয়াশা ও শীত বেশির কারণে কয়েকদিন বীজতলা পলিথিনে ঢেকে রেখেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা বোরো ধান বীজতলা কোল্ড ইনজুরি থেকে রক্ষায় পলিথিনে ঢেকে রেখেছিলেন। অনেকেই পলিথিন সরিয়ে রেখেছেন। আবার দিনের বেলায় পলিথিন সরিয়ে রেখে রাতের বেলায় অনেক কৃষক বীজতলা ঢেকে রাখছেন।
গত দুদিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে আরো দেখা গেছে অনেক কৃষক বীজতলা পরিচর্যায় আগাছা তুলে দেওয়া , সেচের পানি বীজতলায় ধরে রাখতে মাটির হাতাল ঠিক করে দিচ্ছেন। আবহাওয়ায় কুয়াশা ও শীতে অনেক কৃষকের বীজতলার চারা দুর্বল ও হলদে হয়ে গেছে। এখন সেসব বীজতলার চারা সবল করা ও সুস্থ থাকে এর জন্য নানা ঔষধ স্প্রে করা হচ্ছে। বাঙ্গালা ইউনিয়নের শামাইলদহ মাঠে কৃষক মো. খলিলুর রহমান নিজের চার বিঘা জমিতে বোরো ধান আবাদ করবেন। নিজের জমিতে এর বীজতলা করেছেন। তিনি বি আর ২৯ জাতের আট কেজি ধান বীজ কিনে বীজতলা করেছেন। আবহাওয়ায় কুয়াশা ও শীতে বীজতলার কিছুটা ক্ষয় ক্ষতি হয়েছে। চারা দুর্বল হয়ে গেছে। তিনি বলেন চারা সবল করতে ও সুস্থ রাখতে ছিটানো ঔষধ ও ঔষধ স্প্রে করছেন। নাগরৌহা গ্রামের কৃষক মো. আঃ করিম বীজতলার পলিথিন সরিয়ে নানা ঔষধ স্প্রে ও ছিটিয়ে দিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন এখন আবহাওয়ায় দিনের বেলায় কুয়াশা থাকছে না। বোরো ধান আবাদ শুরু হতে আর দেরি নেই। বীজতলার চারার দিকে দিনে একবার হলেও খেয়াল রাখতে হবে। তিনি সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে বীজতলার খোজ খবর নিচ্ছেন বলে জানান।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD