ডাঃ মাওঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ( ইরি) ধানের বীজতলা কোল্ড ইনজুরি থেকে রক্ষায় অনেক এলাকায় কৃষকেরা তা পলিথিনে ঢেকে রাখছেন। উপজেলা কৃষি অফিস থেকে বীজতলা কোল্ড ইনজুরি থেকে রক্ষায় নানা পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লাপাড়া অঞ্চলে বোরো ধান ফসল কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ হয়েছে। উপজেলার প্রায় সব এলাকাতেই কৃষকেরা বোরো ( ইরি) ধানের বীজতলা করেছেন। নাবী করে আবাদ করবেন কৃষকেরা বীজতলার জমি তৈরি করছেন বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় আবাদী জমির এক কোনায় পানি সেচ দিয়ে , বিলের ও খালের জমিতে কৃষকেরা নানা জাতের বোরো ধানের বীজতলা করেছেন। এবারে কৃষি প্রণোদনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মোট ৩ হাজার ২০০ জন কৃষক বিনামূল্যে বোরো ধান বীজ পেয়েছেন । এবারের মৌসুমে গোটা উপজেলায় ১ হাজার ৯৭৫ হেক্টরে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৩৭০ হেক্টর পরিমাণ জমিতে ধরা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে।
উপজেলার উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা , বাখুয়া , পংরৌহা , মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর , সুজা , উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকেরা নানা জাতের বোরো ধানের বীজতলা করেছেন। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কৃষক মো. আঃ করিম আবাদী মাঠে সাড়ে ১৮ শতক জমিতে বোরো ধান ফসলের বীজতলা করেছেন। তিনি হাইব্রিড জাতের ২৮ কেজি ধানের বীজতলা করেছেন। গত দিন ছয়েক হলো আবহাওয়ায় কুয়াশা ও শীত বেশির কারণে বীজতলা পলিথিনে ঢেকে রেখেছেন । তিনি জানান পুরোদমে রোদ বের হলে দিনের বেলায় বীজতলা পলিথিন সরিয়ে রাখবেন। সরেজমিনে ঘুরে একই মাঠে আরো কয়েকজন কৃষককে তাদের বীজতলা পলিথিনে ঢেকে রাখা দেখা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন বেশি ঠান্ডাকালে বোরো ধানের বীজতলা স্বচ্ছ পলিথিনে বিকেল থেকে ভর রাত পেরিয়ে দিনের প্রথম বেলা অবধি ঢেকে রাখতে হবে। তবে পলিথিন বীজতলার চারা পাতা না ছোয় সেদিক খেয়াল রাখতে হবে। বীজতলা পলিথিনে ঢেকে রাখা হলে কোল্ড ইনজুরি বা ঠান্ডা জনিত রোগ থেকে চারা সুস্থ থাকে ও তাড়াতাড়ি বড় হয় । এছাড়া বীজতলায় রাতের বেলায় পানি ধরে রাখতে হবে। আবার পরেরদিন সকালে রাতের বেলায় রাখা পানি বের করে দেওয়ার বিষয় জানানো হয়। আর বীজতলার চারায় দরকার হলে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ঔষধ ব্যবহার করা এবং বীজতলার চারার দিকে দিনে একবার হলেও খেয়াল রাখতে হবে। আজ রবিবার তিনি সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে বীজতলার খোজ খবর নিচ্ছেন বলে জানান
চলনবিল বার্তা chalonbeelbarta.com