জাহিদ হাসান প্রতিবেদক | চলনবিল বার্তা
আসন্ন ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসেবা, উন্নয়ন এবং সুশাসনের প্রত্যয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ মোশাররফ হোসেন বিশ্বাস। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় করে ব্যাপক সাড়া পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসারে কাজ করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।
প্রচারপত্রে উল্লেখিত তথ্য অনুযায়ী, মাওলানা মোঃ মোশাররফ হোসেন বিশ্বাস কওমি ও আলিয়া ধারার শিক্ষা সম্পন্ন করার পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। বর্তমানে তিনি ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, তাড়াশ উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী অঙ্গীকার হিসেবে তিনি ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চলনবিলের খাল-উদ্ধার ও জলাবদ্ধতা নিরসন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন, নারী, শিশু, কৃষক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এলাকাবাসীর একাংশের মতে, উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গঠনে যোগ্য, সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তারা আশা করছেন, নির্বাচনী প্রচারণার মাধ্যমে সব প্রার্থী তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন এবং ভোটাররা নিজেদের বিবেচনায় যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com