গুরুদাসপুরে মেধাবী দুই ভাইয়ের উচ্চ শিক্ষার স্বপ্ন এখন দু:স্বপ্ন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দারিদ্রতার কারণে মেধাবী অদম্য দুই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। বড় ভাই সুচন্দন মালাকার পড়ে রাজশাহী কলেজে। এইচএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে সে। তার প্রাপ্ত নম্বর ১১৭৭। সে ২০২৪ এর এসএসসিতে জিপিএ গোল্ডেন পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে। এসএসসিতে প্রাপ্ত নম্বর ছিল ১২৫৮। বিজ্ঞানের ছাত্র সুচন্দন বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। কিন্তু নিম্ন আয়ের সংসারের ব্যয়ভার বহন করতে পারছেন না দরিদ্র পিতা-মাতা।
খোঁজ নিয়ে জানা যায়, পৌর সদরের উত্তর নারীবাড়ি মহল্লায় সুচন্দনের বাবা উত্তম মালাকার মামার দান করা ৩ শতক জায়গার ওপর বসবাস করেন। সংসারের খরচ মিটিয়ে দুই ছেলের পড়ালেখার খরচ জোগাতে গিয়ে ঘরের ঢেউটিনের চালা ও বেড়া সংস্কার করতে পারেননি উত্তম মালাকার। তার ছোট ছেলে সুজয় মালাকার গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র। ক্লাসের রোল নং-১। সেও উচ্চতর ডিগ্রী অর্জনের আশায় নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায়।
কিন্তু অদম্য দুই ভাইয়ের পড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় সুচন্দনকে ঢাকায় পড়ানো হবে না। তাকে স্থানীয় একটি কলেজে অনার্সে ভর্তি হতে হবে। কারণ সুচন্দনের বাবা ইটভাটায় সামান্য বেতনে হিসাব সামলানোর চাকরি করেন। যা আয় হয় তাতে সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাই বুয়েটে চান্স পেলেও পড়া হবে না সুচন্দনের। সংসারের লাজুক পরিস্থিতির কারণে সুচন্দনের মা সূচনা মালাকার একটি কেজি স্কুলে মাত্র দুই হাজার টাকা বেতনের চাকরি নিয়েছেন। কিন্তু তাতেও সুচন্দনকে পড়ানো অসম্ভব হয়ে পড়েছে। অনেক সাধ ও শখ জলাঞ্জলি দিয়ে ছেলে দুটোকে উচ্চ শিক্ষিত করার দুশ্চিন্তায় মত্ত থেকেও পেরে উঠছে না উত্তম মালাকার দম্পতি।প্রতিবেশী মুদি ব্যবসায়ী মো. কামরুজ্জামান জানান, শান্তশিষ্ট ও ভদ্র দুই ভাই। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে ওদের খরচ বহন করতে পারছে না তাদের অভাবক্লিষ্ট পিতামাতা। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD