মেহেদী হাসান ,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফ আলী আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী সাংবাদিক, বন্ধু ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিকতায় তাঁর ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে সহকর্মীরা শোক প্রকাশ করেন।সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com