তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

Spread the love
লুৎফর রহমান:

সিরাজগঞ্জের তাড়াশে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মজুত খাতায় কৃষকদের মোবাইল নম্বর না রাখার দায়ে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

জানা যায়, মহিষলুটি বাজারের মমতাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল জলিল বিএডিসির অনুমোদিত সার ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ করে আসছিলেন স্থানীয় কৃষকেরা। কৃষকেরা জানান, সরিষা মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় সার সংগ্রহ করতে তাঁদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার কিনতে হলে উৎপাদন খরচ আরও বেড়ে যায়। তাই সার বিক্রিতে অনিয়ম বন্ধে নিয়মিত বাজার তদারকি এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা এমিলিয়া জান্নাত বলেন, উপজেলায় সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। সার বিক্রির ক্ষেত্রে অনিয়মের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD