রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে অবস্থিত নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। রবিবার (১০ মে) দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। কাদা-পানির কারণে অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়া প্রতিবছর এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে বিদ্যালয়টিতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবকের আগমন ঘটে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তাদেরও ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী এস এম শাহারিয়ার শাফি বলেন, হালকা বৃষ্টি হলেই রাস্তা অচল হয়ে যায়। কাদা ও পানির কারণে সময়মতো বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয় না। এ সময় শিক্ষার্থী বিজয় মাহাতো ও প্রাক্তন শিক্ষার্থী সিদ্ধার্থ গুন ও দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদি তালুকদার বলেন, সড়কের দুরবস্থার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে না। কাদায় পোশাক নষ্ট হওয়ার ভয়ে তারা নিরুৎসাহিত হচ্ছে। দ্রুত সংস্কার না হলে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে।মানববন্ধনে রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুন বলেন, আমাদের কোমলমতি সন্তানরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে যায় এবং শিশুরা পড়ে গিয়ে আহত হয়। বাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দ্রুত সড়ক সংস্কার করা জরুরি। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া বলেন, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।মানববন্ধন থেকে অবিলম্বে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com