তাড়াশ প্রতিনিধি : নির্দিষ্ট যানবাহন রাখার কোন বৈধ স্ট্যান্ড না থাকায় তাড়াশ পৌর শহর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। প্রতিদিনের সীমাহীন যানজটের কারণে যানবাহনসহ পথচারীদের চলাচলে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত যানবাহন ও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ছে দু:সহ যানজট ও মানুষের চরম দুর্ভোগ।
জানা গেছে, বর্তমানে তাড়াশ পৌর শহরে প্রায় ১শত ভ্যান-রিক্সা, ২শত সিএনজি, ৩শত মোটরসাইকেল, ৪শত ব্যাটারী চালিত অটো অটোরিক্সাসহ বাস-ট্রাক ও ট্রাক্টর রয়েছে। এই বিপুল পরিমাণ যানবাহন রাখার জন্য শহরে নেই কোন টার্মিনাল। পৌর কর্তৃপক্ষ শহরে যানবাহন অবস্থানের জন্য কোন স্ট্যান্ড তৈরি করতে পারেনি। এ কারণে সারা শহর জুড়ে বিক্ষিপ্ত ভাবে সকল প্রকার যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট।
শহরে চৌ-রাস্তার আলেপ মোড় থেকে দু’টি রাস্তা বাজারের দু’পার্শ্বে, ১টি থানার দিক হয়ে মহিষলুটি ও অন্যটি পশ্চিম দিকে ওয়াবদা বাঁধ হয়ে চলে গেছে। যার ফলে চারটি রাস্তার গণপরিবহন ও মানুষ চলাচলের একটি মিলন স্থল। এর কারণেই এখানে প্রায় সবসময় যানজট লেগেই থাকে। পার্কিং এর ফলে কখনো দীর্ঘ সময় চৌ-রাস্তার আলেপ মোড়ে একটানা জ্যাম চলতে থাকায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। এ থেকে নিস্তার লাভের একমাত্র উপায় হলো একটি নির্দিষ্ট স্ট্যান্ড। অপর দিকে তাড়াশ উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশেই গড়ে উঠেছে সি এন জি স্ট্যান্ড। যেখানে ভাল রাস্তার উপর সিএনজি রাখায় জনগনের ও গাড়ী নিয়ে চলাচল করতে হয় পিচ,পাথর ওঠা ভাঙ্গা রাস্তা দিয়ে। আবার হাসপাতাল গেটের সামনে গড়ে উঠেছে ভ্যান গেরেজ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com