চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর অন্যতম নারী শিক্ষালয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপিত হয়েছে।’বন্ধুত্বের বন্ধনে বর্ণিল ৬২’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত স্কুলের হীরক জয়ন্তীর দিনভর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পাবনার সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, প্রাক্তন প্রধান শিক্ষক রাহেলা খানম, বর্তমান প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, শ্রী অলোক কুমার কুন্ডু, মোঃ আবু বক্কার, মাওলানা মোঃ আব্দুস সালাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। পরে পুনর্মিলনী উৎসব উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এর আগে বাদ্য বাজনাসহ স্কুলের শতশত শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা বর্ণাঢ্য আনন্দ র্যালী নিয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে স্কুলটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়। ছিল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মঞ্জুয়ারা রশীদের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, নৃত্য, দলীয় সংগীত।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com