করতোয়া শাখা নদী অবরুদ্ধ: নৈসর্গিক শোভা এখন পচা ভাগাড়,

Spread the love

, লাখো মানুষের হাহাকার ও প্রশাসনের কঠোর অ্যাকশন দাবি

​এস এম শিমুল

​তাড়াশ, চাটমোহর, ভাঙ্গুড়া ও উল্লাপাড়া—এই চার উপজেলার সীমান্তবর্তী মানুষের প্রাণের স্পন্দন করতোয়ার একটি গুরুত্বপূর্ণ শাখা নদী আজ এক প্রভাবশালী ব্যক্তির হীন স্বার্থের বলি হয়ে ধ্বংসের মুখে। রাতের আঁধারে শত শত টন কচুরিপানা এনে নদীটি সম্পূর্ণ ভরাট করে ফেলায় এর স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বীরায়নগর ও নওগাঁ-করতকান্দি সংযোগ সেতুর ওপর দাঁড়িয়ে প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার ভ্রমণপিপাসী ও পর্যটক যেখানে প্রকৃতির নৈসর্গিক রূপ উপভোগ করতেন, আজ সেই মনোমুগ্ধকর স্থানটি এক দুর্গন্ধযুক্ত পচা ভাগাড়ে পরিণত হয়েছে।

​নদীটি ঘিরে গড়ে ওঠা করতকান্দি ও বৃহত্তর নওগাঁ বাজার এলাকার লক্ষাধিক মানুষ আজ চরম মানবেতর জীবনযাপন করছেন। সুপেয় পানির তীব্র সংকট, পচা কচুরিপানার অসহ্য দুর্গন্ধ এবং মশার উপদ্রবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গৃহপালিত গবাদি পশু ও হাঁস-মুরগির পরিচর্যা তো বটেই, দৈনন্দিন সাধারণ কাজগুলোও আজ স্থবির।

​সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, বর্তমানে বৃহত্তর চলনবিল অঞ্চলের কৃষকদের মৌসুমী ফসল বোনার ও জমিতে সেচ দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে। চলনবিলের উপচে পড়া পানি যমুনা নদীতে নেমে যাওয়ার এই প্রধান জলপথটি কৃত্রিমভাবে অবরুদ্ধ করায় হাজার হাজার কৃষকের সোনালী ফসল আজ অনিশ্চয়তার মুখে পড়েছে। একটি কুচক্রী মহলের এমন পরিবেশবিরোধী ও হঠকারী কর্মকাণ্ডে গোটা অঞ্চলে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে।

​অবিলম্বে কঠোর প্রশাসনিক অ্যাকশন ও হস্তক্ষেপ কামনা:

পরিবেশ ও জনজীবন রক্ষার্থে এই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা (অ্যাকশন) গ্রহণের দাবি উঠেছে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), এবং সিরাজগঞ্জ ও পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসকের আশু ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। অবিলম্বে এই  কচুরিপানা অপসারণ করে করতোয়ার শাখা নদীটিকে তার আগের স্বচ্ছ প্রবাহ ও জীবন্ত রূপে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD