ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ ১০ নভেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার, সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রিপন হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নূর প্রমুখ। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ২৬ হাজার কৃষক বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন বলে কৃষি অফিস থেকে জানানো হয়।প্রতিজন কৃষক এক কেজি করে সরিষা বীজ এবং রাসায়নিক সার ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে পাবেন। আজ মঙ্গলবার প্রথম দিন উপজেলার পাচটি ইউনিয়নের ১০ হাজার ৬০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পাচটি হলো বাঙ্গালা, মোহনপুর, বড় পাঙ্গাসী, পূর্ণিমাগাতী ও সলপ। আগামীকাল বুধবার পাচটি ইউনিয়ন উধুনিয়া, বড়হর, পঞ্চক্রোশী, দুর্গানগর, কয়ড়া ইউনিয়নের ৯ হাজার ৫০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। বৃহস্পতিবার বাকী চারটি ইউনিয়ন ও পৌরসভা মিলে ৬ হাজার ৩৫০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে।
One attachment • Scanned by Gmail
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com