তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল হালিম মন্ডল (৬০)।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হালিম মন্ডল গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় বাড়িতে একা ছিলেন। এ সুযোগে পূর্ব বিরোধের জেরে একই এলাকার মোঃ জামাল (৫০), মোঃ কামাল (৪৮) এবং মোঃ আতাউর (৩৮)-সহ আরও অজ্ঞাত ৮-১০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠি-সোঠা, লোহার রড, হাসুয়া, ধারালো ছুরি, শাবল ইত্যাদি) নিয়ে তাঁর বাড়িতে অনাধিকার প্রবেশ করে অতর্কিত আক্রমণ চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ভুক্তভোগী আব্দুল হালিমকে ধারালো ছুরির মুখে জিম্মি করে গালাগাল ও হুমকি প্রদান করে এবং চড়-থাপ্পড় মারে।ইটের গাঁথুনিযুক্ত টিনশেড ঘরের পশ্চিম ও দক্ষিণ পাশের দেয়াল ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে।ভাঙচুরের একপর্যায়ে বিবাদীরা স্টিলের ট্রাংক ও বড় বাক্স ভেঙে ভুক্তভোগীর ছেলে বউয়ের প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২ ভরি সোনা (কানের ঝুমকা, চুরি, গলার চেইন, আংটি) ও ৫ ভরি রূপা ছিনিয়ে নেয়। এছাড়া বাক্সে গচ্ছিত নগদ ২ লাখ টাকা, জমি বিক্রির ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংক থেকে লোন করা ৬০ হাজার টাকাসহ সর্বমোট ৭ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় মোঃ কুরবান (৫০), মোঃ বাবলু (৫০), তার স্ত্রী মোছাঃ রেজেদা (৪৮)-সহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং অন্যথায় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।এ বিষয়ে অভিযুক্ত মো. জামাল বলেন,টাকা পয়সা লুটের অভিযোগ পুরো মিথ্যা আমি এবং আমার ভাই কামাল রাগে দেওয়াল ভেংগে ফেলছি।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com