জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সলঙ্গার জহুরুল

Spread the love
সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে সুনাম ও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিক্ষা,শৃঙ্খলা,নৈতিকতা ও ফলাফলের মানোন্নয়নে বিদ্যালয়টির ধারাবাহিক সাফল্য ইতোমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।আর এ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এবার সিরাজগঞ্জ জেলার ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আ.ফ.ম. জহুরুল ইসলাম।
দীর্ঘদিনের দায়িত্বশীলতা,নিষ্ঠা,নিরলস পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তার এ অর্জনকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও সলঙ্গাবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আ.ফ.ম. জহুরুল ইসলাম  বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, পাঠদানের মানোন্নয়ন এবং মানসম্মত ফলাফল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তার দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়গঞ্জ উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
নিজের এ অর্জনের পেছনে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের অবদানের কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান,প্রধান শিক্ষকের নেতৃত্বের পাশাপাশি সহকারী শিক্ষকদের আন্তরিকতা,শিক্ষার্থীদের মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতাই বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের মূল শক্তি।সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নতুন প্রত্যয় ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে,একজন শিক্ষক যখন পেশাগত দায়িত্বের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মহান দায়িত্বকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন,তখন তার কর্মের ইতিবাচক প্রভাব শ্রেণিকক্ষ ছাড়িয়ে সমাজেও ছড়িয়ে পড়ে। আ.ফ.ম.জহুরুল ইসলামের ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়া তার দীর্ঘদিনের নিষ্ঠা,কর্মদক্ষতা ও নেতৃত্বেরই স্বীকৃতি।এদিকে সিরাজগঞ্জ জেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় ‘প্রিয় সলঙ্গার গল্প’ সংগঠন ও  ‘সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে।তার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং শিক্ষার আলো ছড়িয়ে এলাকার নতুন প্রজন্মকে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা সলঙ্গাবাসীর।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD