তাড়াশে ৩৫ বছরের ঈদগাহ মাঠের বিরোধ মীমাংসার পরও উত্তেজনা, সংঘর্ষে দেশীয় অস্ত্র উদ্ধার

Spread the love
তাড়াশে ৩৫ বছরের ঈদগাহ মাঠের বিরোধ মীমাংসার পরও উত্তেজনা, সংঘর্ষে দেশীয় অস্ত্র উদ্ধার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের ঈদগাহ মাঠকে কেন্দ্র করে দীর্ঘ ৩৫ বছরের বিরোধ মীমাংসার উদ্যোগের পরও উত্তেজনা থামেনি। প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হলেও তা মানছেন না বলে তাহের ও শহিদুল মাস্টার পক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ তারিখে দেওড়া গ্রামে দিনব্যাপী আটজন আমিনের মাধ্যমে ঈদগাহ মাঠের জমি পরিমাপ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় পক্ষকে উপস্থিত রেখে পরিমাপের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয় এবং নির্ধারিত সীমানার বাইরে কেউ যেতে পারবেন না বলে সিদ্ধান্ত দেওয়া হয়।তবে পরদিনই তাহের পক্ষের একজন সিরাজগঞ্জের তাড়াশ আমলি আদালতে ৩৪ জনকে বিবাদী করে দেওয়ানি মামলা দায়ের করেন বলে জানা গেছে। এতে জাহাঙ্গীর পক্ষের লোকজন বিভ্রান্তিতে পড়েন বলে স্থানীয়রা জানান।
এরই ধারাবাহিকতায় গত রোববার (২০ সেপ্টেম্বর ) রাতে জাহাঙ্গীর পক্ষের নির্মাণাধীন একটি ঘর ভাঙচুরের উদ্দেশ্যে তাহের পক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে শান্ত করে।এ সময় তাহের পক্ষের ধানের গোডাউন থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও সটা উদ্ধার করা হয় বলে জানা গেছে। উদ্ধার করা অস্ত্রগুলো পুলিশ হেফাজতে নিয়ে যায়।ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিরোধের স্থায়ী সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।#
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD