অন্তনির্বাসনের পূর্বলিপি

Spread the love
আসিফুজ্জামান জিহাদ
‎নিজেকে হত্যা করার প্রয়াস করেছি বহুবার,
‎তবু মৃত্যুও আমাকে তার শীতল রাজ্যে আশ্রয় দেয়নি।
‎মনে হয়েছে—
‎আমি যেন অস্তিত্বেরও অযোগ্য কোনো পরিত্যক্ত  উচ্চারণ,
‎যাকে বিস্মৃতির অন্ধকারও গ্রহণ করতে সংকোচ বোধ করে।
‎জনসমাগমে নিজেকে খুঁজে পাওয়ার ব্যর্থ প্রয়াসে,
‎ক্লান্ত পথিক হয়ে ফিরে এসেছি বারংবার।
‎এক ক্লান্ত, নির্বাসিত পথিক হয়ে।
‎কোনো উপন্যাস আমাকে ধারণ করতে পারেনি,
‎আমি ছিলাম অব্যক্ত এক চরিত্র।
‎ছন্দেরা দিশাহারা হয়ে পড়েছিল,
‎শব্দেরা প্রত্যাখ্যান করেছিল আমাকে।
‎একদিন ভেবেছিলাম—
‎নিজেকে সমর্পণ করব নদীর অনন্ত গভীরতায়।
‎কিন্তু নদীও মুখ ফিরিয়ে নিয়েছিল;
‎হয়তো হত্যার দায় নিতে চায়নি সে।
‎হারিয়ে গিয়ে আবিষ্কার করেছি—
‎মানুষ মূলত এক অন্তহীন শূন্যতার নাম।
‎বৃক্ষেরা আর অপেক্ষা করে না আমার প্রত্যাবর্তনের,
‎পাখিরা বিস্মৃত হয়ে দেখে অস্তিত্বের শেষ পরিণাম ।
‎এমনকি সন্ধ্যাও আর নামে না।
‎তবু প্রশ্ন জাগে—
‎মানুষ কি এতখানি অসহায়তা নিয়েও বেঁচে থাকতে পারে?
‎নাকি প্রতিটি প্রভাত
‎আত্মপ্রতারণার নতুন জন্মমাত্র,
‎আর প্রতিটি গোধূলি
‎ধীরে ধীরে আত্মবিনাশের দিকে অগ্রসর এক নীরব পদযাত্রা?
‎কাফনও কি আমাকে গ্রহণ করবে?
‎নাকি সেও বলবে—
‎“এই বিস্তীর্ণ ক্লান্ত দেহ আমাকে দিও না।”
‎নদী আমাকে নেয়নি,
‎কাফনও নয়।
‎তবে কোন মানুষ
‎অভিনয়ের করুণ সুরে আমাকে আপন বলেছিল?
‎সে কি নিছক বিশ্বাসঘাতক ছিল,
‎নাকি আমার স্মৃতির ধ্বংসস্তূপের স্মৃতিস্তম্ভ হতে চেয়েছিল ?
‎অথচ স্মৃতিস্তম্ভও একদিন ধসে পড়ে,
‎পাথরও ইতিহাস বহন করে ক্লান্ত?
‎তবে কেন এই মিথ্যা প্রতীক্ষা?
‎কেন এই অব্যক্ত ফিরে আসার অভিনয়?
‎যদি নিজেকে একদিন নির্বাসিত করি—
‎আমি জানি, কেউ অনুসন্ধান করবে না।
‎যখন আমাকে গ্রহণ করতে প্রস্তুত নয়
‎নদী, কাফন, কিংবা মানুষ—
‎তবে কি হারিয়ে যাওয়াই ছিল একমাত্র নিয়তি?
‎নাকি হারিয়ে যাওয়ার আরেক নামই আত্মহত্যা?
নাম : আসিফুজ্জামান জিহাদ
ঠিকানা : তাড়াশ সিরাজগঞ্জ
মোবাইল নম্বর : 01990559784
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD