এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর
ভ্রাম্যমান প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করা হয়। তবে হামলায় এমপি আয়নুল হক আহত হননি।ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন আয়নুল হক। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানান।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান জানান, ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে একটি জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন।
রেজাউল করিম খান বলেন, ‘আমি বর্তমানে শহরে থাকায় সভাস্থলে উপস্থিত ছিলাম না। বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।’
হামলার কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com