সলঙ্গা প্রতিনিধি : 
সিরাজগঞ্জের সলঙ্গায় তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার  দুপুর ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী নতুপাড়া গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার নলকা ইউপির বোয়ালিয়ার চর গ্রামের রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ মারা গেছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ বলেন,মামলায় অভিযুক্ত ১৪ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তারিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মোন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করলেন।
ReplyReply allForward