ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় দুই ভাইয়ের বাড়ির সীমানা নিয়ে বিরোধ,লোকজন নিয়ে দফায় দফায় সংঘবদ্ধ হয়ে ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পৌর সদরের মণ্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে দুই দফা এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু কোনো সুরাহ হয়নি। এরই ধারাবাহিকতায় সকালে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সিদ্দিকের বসতবাড়ির আংশিক ভাঙচুর করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করলে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যান।আরও জানা যায়, পুলিশ আসার খবরে সংক্ষুদ্ধ হয়ে পুনরায় বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জন সিদ্দিকের বাড়িতে দ্বিতীয় দফায় ভাঙচুর করে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চলনবিল বার্তা chalonbeelbarta.com