বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের বসতবাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে চোরেরা একটি গাভির প্রায় তিন মাস বয়সী বাছুরটি রেখে গেছে।বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের মৃত বিরাজ আলীর ছেলে মো. বরাত আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মধ্যে একটি লাল রঙের গাভি ও একটি কালো রঙের বকনা গরু রয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতের কোনো একসময় চোরেরা বরাত আলীর গোয়ালঘরের দরজা খুলে দুটি গরু নিয়ে যায়। বাড়িটি তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পাশে হওয়ায় চোরদের গরু নিয়ে পালিয়ে যেতে সুবিধা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।ভুক্তভোগী বরাত আলী বলেন, ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি আমার দুটি গরু নেই। শুধু গাভির ছোট বাছুরটি পড়ে আছে। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরু দুটির সন্ধান পাইনি।বরাত আলীর স্ত্রী বলেন, আমার স্বামীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি গরু নেই। পরে বাইরে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। এখন ছোট বাছুরটিকে কীভাবে লালন-পালন করব, তা নিয়েও দুশ্চিন্তায় আছি।এ ঘটনায় এলাকায় গরু চুরি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। মৌখিকভাবে শোনার পরেই ঘটনাস্থলে গিয়েছি এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com