সাব্বির আহম্মেদ , তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার জুলাই যোদ্ধা, সুধীজন ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাথায় গুলিবিদ্ধ ও আহত জুলাই যোদ্ধা জাহাঙ্গির আলম ও হাতে গুরুতর আঘাত প্রাপ্ত শাহিন বাবুর আবেগঘন বক্তব্য উপস্থিত সবাইকে আপ্লুত করে। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com