উল্লাপাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সংঘবদ্ধ হামলার অভিযোগ, আহত ৫

Spread the love
মোঃ হক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা চরপাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে চরপাড়া গ্রামের ইমন (১৯), এরশাদ (৪০), নজরুল ইসলাম (৪৫), আল আমিন (৩০), জিয়া (৪২), রিপন (২০), শাহীন (২৮), ইয়াছিন (৩২), আলহাজ (৩৫), মঞ্জু (২৬), রস্তু (২৪), স্বপন (১৯), আশরাফুল ইসলাম (৩০), ইমরান (১৫) ও সজিব (১৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্তদের কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদক নির্মূলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও শালিস বৈঠক করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বাদী ও তার সহযোগীদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে কৃষকগঞ্জ বাজার সংলগ্ন জলিল বিশ্বাসের মার্কেটের সামনে দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড, হাতুড়ি, ছুরি ও রামদা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এতে নুরুল ইসলামের ছেলে রনক (২০), মারুফ (২২), মিজান (২৩), সাগর (২১) ও রবিন (১৫) গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় রনকের মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয় এবং মারুফের মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়। এছাড়া মিজান, সাগর ও রবিনকে লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD