নতুন পানির আগমনে তলিয়ে যাওয়ার শঙ্কায় চলনবিলের পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক

Spread the love
মোঃ মুন্না হোসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চলনবিল অঞ্চলে নতুন করে পানি প্রবেশ করায় চরম উদ্বেগে পড়েছেন কৃষকরা। উজান থেকে নেমে আসা ঢল ও সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বিলের বিভিন্ন খাল ও নিম্নাঞ্চল দিয়ে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ফলে তাড়াশ উপজেলার চলনবিল ঘেঁষা বিস্তীর্ণ এলাকার পাকা বোরো ধানের জমি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কিছু কিছু জমি পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলনবিলের চারপাশের মাঠে এখনো বিপুল পরিমাণ পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে। কিন্তু হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক ধান কাটার আগেই ফসল হারানোর শঙ্কায় দিন পার করছেন। যেসব জমি নিচু এলাকায় অবস্থিত, সেসব জমিতে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। অনেক ক্ষেতেই ধানের শীষ পানির সংস্পর্শে চলে এসেছে।
তাড়াশ উপজেলার কয়েকজন কৃষক জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও বহু জমি পানির নিচে চলে যেতে পারে। এতে সারা বছরের কষ্টের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের দাবি, দ্রুত পানি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তারা।
স্থানীয় কৃষকরা বলেন, “ধান কাটার উপযুক্ত সময় হলেও শ্রমিক সংকট ও আবহাওয়ার কারণে অনেকেই এখনো ধান ঘরে তুলতে পারেননি। এর মধ্যেই নতুন পানি এসে মাঠ প্লাবিত করতে শুরু করেছে। পানি আরও বাড়লে পাকা ধান তলিয়ে যাবে।
এদিকে তাড়াশর উপজেলার মামুনুর রশিদ কর্মকর্তা কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। চলনবিল অঞ্চলে পানি প্রবেশের কারণে হাজার হাজার হেক্টর জমির ধান ঝুঁকির মধ্যে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কৃষকদের আশঙ্কা, আগামী কয়েক দিনের মধ্যে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চলনবিলের বিস্তীর্ণ এলাকার পাকা ধান তলিয়ে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD