হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:
তাড়াশে ‘স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ ও ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় তাড়াশে এই মেলার আয়োজন করা হয়েছে। ভূমির সাথে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। তাড়াশ উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com