হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ :তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৮মে ) আনুমানিক বিকেল সাড়ে ৫টার সময় রুহুল আমিনের বাড়ির খড়ের গাদায় এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ রুহুল আমিনের বাড়ির খড়ের পালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্থানীয়রা নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং তাৎক্ষণিকভাবে তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মইনুদ্দিন জানান, “বিকেল সাড়ে ৫টার দিকে কাজিপুর গ্রামে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়। রুহুল আমিন নামের এক ব্যক্তির বাড়ির খড়ের পালায় আগুন লেগেছিল। আমাদের কর্মীরা অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন, যার ফলে আগুন আশেপাশের বসতবাড়িতে ছড়াতে পারেনি।” তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত ক্ষতিকর কোনো উৎস বা জলন্ত বিড়ি-সিগারেটের টুকরো থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com