হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদও জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাড়াশে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের হয়ে তাড়াশ সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। উপজেলা ফায়ার সার্ভিসের আয়োজনে ও ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুহাম্মাদ মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এটি.এম আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক সাবেক সদস্য সচিব মো আব্দুল বারিক খন্দকার, মো আবুল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁর মুহাম্মাদ মুঞ্জুরুল আলম বলেন, তাড়াশ একটি ঐতিহ্যবাহী ও জনবহুল এলাকা। চলনবিল অঞ্চলের এই অন্যতম ব্যবসা কেন্দ্রে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস সবসময় ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। তবে শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর না করে, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, হাট-বাজার এবং বাসাবাড়িতে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
চলনবিল বার্তা chalonbeelbarta.com