চাটমোহর প্রতিনিধি:
পাবনার চাটমোহরে অবৈধভাবে ফসলি জমি কেটে ইটভাটাসহ অন্যান্য স্থানে মাটি বিক্রির সাথে জড়িত একটি চক্রের ৫ জনকে আটক করেছে পুলিশ|
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ˆখৈরাশ বিল থেকে ফসলী জমির টপ সয়েল কেটে বিক্রি করায় ৫ জনকে আটক করা হয়| এ সময় এস্কেভেটর মেশিনের ৫ টি ব্যাটারিসহ মাটি কাটা এবং যানবাহনের সরঞ্জাম জব্দ করা হয়| আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে|
আটককৃতরা হলো, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শামসুল মোল্লার ছেলে মোতাহার মোল্লা (৪২), পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার নূর মোহাম্মদের ছেলে মিতারুল ইসলাম (৩২) ও একই উপজেলার সরাইকাদি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রায়হান আলী (২৭)|
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে তিন ফসলী জমির মাটি কেটে ইটভাটাসহ অন্যান্য স্থানে বিক্রি করা হচ্ছিল| এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খৈরাশ এলাকায় অভিযান চালিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়| এ সময় এস্কেভেটরের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে| এছাড়া অপর অভিযানে মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মাকিম হোসেনের ছেলে মাসুদ রানা (৩৩) এবং সোনাহারপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মহরম আলীকে (৩৬) আটক করা হয়| এসময় অবৈধ মাটি খনন কাজে ব্যবহৃত গিয়ার লিভার, ট্রলি স্টিয়ারিং এবং শ্যালো মেশিনের হ্যান্ডেল জব্দ করা হয়| আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে| আসামীদের বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে| এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি গোলাম মোস্তফা|
এদিকে উপজেলার অন্ততঃ ১৫টি পয়েন্টে স্থানীয় দলীয় নেতাদের ইন্ধনে রাতের আঁধারে ফসলী জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করা হচ্ছে| হান্ডিয়াল ফাঁড়ির সামনে আব্দুস সাত্তার, হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি, সবুজ তলায় সাইদ গং, বেজ পাটিয়াতায় রাজু গং, বৃ-রায়নগরে আলাউদ্দিন গং, টিবাপাড়ায় হাবিল উদ্দিন, ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মোতাহার আলীর বাড়ির পাশে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটছে রুবেল হোসেন| গফুরাবাদ রেল স্টেশনের পাশে মো. উজ্জল হোসেন, মুলগ্রাম ইউনিয়নের রেলবাজার ব্রাক অফিসের পাশে দাঁথিয়া ব্রিজের সংলগ্ন অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটছে মোঃ রেজাউল, আটলংকা উত্তরপাড়া কমিরগাড়ী বিলে মো. সাইদুল ইমলাম মাটি কেটে বিক্রি করছে| ছাইকোলা ইউনিয়নের কাটেংগা বাওনবাজার কবরস্থান সংলগ্ন জায়গা এবং সরদারপাড়া মন্টুর বাড়ীর পেছনে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটছে মোঃ নুরুজ্জামান ও শাহিন| আটলংকার উত্তরপাড়া কমিরগাড়ি বিলে মো. সাইদুল অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটছে| হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি মাঠে জিয়া মুন্সি ভেকু দিয়ে মাটি কাটছে।খোঁজ নিয়ে জানা গেছে, এসকল মাটি খেকোদের পেছনে ইন্ধন দিচ্ছে স্থানীয় রাজনৈতিক দলের নেতারা। তারা বিভিন্ন অফিস, ব্যক্তিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে কোটি কোটি টাকার এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com