ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোঃ মাসুদ রানা (আপেল) (৪৯), পিতা—মোঃ আনছার আলী, গ্রাম—দুধবাড়ীয়া, ভাঙ্গুড়া, পাবনাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চলনবিল বার্তা chalonbeelbarta.com