গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের ছয়টি গরু চুরির ঘটনায় উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার গভীর রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র এ চুরির ঘটনা ঘটায় বলে জানা গেছে।
চুরির পরপরই আনন্দনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাইট গার্ড মো. দুলাল বিষয়টি পরিবারকে অবহিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় কিছু ফুটেজ ধারণ হয়েছে। যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গরুর মালিক রমজান হাজী (৭২) বলেন- গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গরুসহ মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনাটি এতটাই পরিকল্পিত ছিল যে, পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। এতে তার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
রমজান হাজীর দুই ছেলে মো. আজিজুল (৪৫) ও মো. আলামিন (৩৫) জানান, এই গরুগুলোর ওপরই তাদের পরিবারের একমাত্র জীবিকা নির্ভরশীল ছিল। হঠাৎ করে সব গরু হারিয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন।
তারা বলেন- ‘আমরা গরু লালন-পালন করেই সংসার চালাই। সব গরু চুরি হয়ে যাওয়ায় আমরা এখন পথে বসার উপক্রম। দ্রুত চোরদের শনাক্ত করে আমাদের গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং চুরি হওয়া গরু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
চলনবিল বার্তা chalonbeelbarta.com