হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ :
তাড়াশে এক বিধবা নারীর ঘরে হামলা, মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার উত্তর ওয়াপদা বাঁধ (পুরাতন বাঁশ বাজার) এলাকার বাসিন্দা মোছা. অবিরন খাতুন (৫৮) একজন স্বামী পরিত্যক্ত ও অসহায় বৃদ্ধা নারী। দীর্ঘদিন আগে তার স্বামী তাকে ত্যাগ করলে তিনি উত্তর ওয়াপদা বাঁধ এলাকায় একটি টিনের ঘর তুলে বসবাস করে আসছেন এবং অন্যের বাড়িতে ঝি-চাকরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। গত ১০ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার বেলা আনুমানিক ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো. শাকিল হোসেন (৩৫) ও মো. শহিদুল ইসলাম (৪৮) দলবল নিয়ে তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা তাকে গালিগালাজ, মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে এবং ঘরে থাকা তার জমানো প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী নারী আরও জানান, ঘটনার সময় আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে অনেকে সাক্ষ্য দিতে পারবেন বলেও তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন। পরে বিষয়টি স্থানীয় সালিশে জানানো হলে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি)জনাব হাবিবুর রহমান বলেন,অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার লুট হওয়া টাকা উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী নারী।
চলনবিল বার্তা chalonbeelbarta.com