ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরাার পথে ট্রাকের ধাক্কায় মন্টু মিয়া (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম।
সোমবার দিবাগত রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাতে এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মন্টু মিয়া । পথে রাত সোয়া ৯টার দিকে কলেজপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এ সময় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। রাতেই ঘটনাস্থল থেকে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com