গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন, “আর অটোপাশ নয়, এখন থেকে পোড়াশোনা করেই পাস করতে হবে। মেধা সম্পন্ন প্রতিষ্ঠান গড়তে নারী পুরুষ সম্মিলিতভাবে সাজিয়ে গুছিয়ে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।”
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ওই কথাগুলো বলেন তিনি।
এমপি আব্দুল আজিজ আরো বলেন, “শিক্ষা সমৃদ্ধ আদর্শ উপজেলা গড়তে সুষ্ঠু পরিবেশে পড়াশোনার বিকল্প নেই। বিগত ১৭ বছরের আগ্রাসনে মেধাশুণ্য করার নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। শিক্ষার অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।”
উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আবু সাইদ, মো. আফছার আলী, আব্দুর রহমান, মাসুদুল হক আলেক প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক ইউসুফ আলী ও নেগার সুলতানা। এসময় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com