হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি, তাড়াশ
নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন  করেছেন সরকারি  কর্মচারীরা। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ০৯:০০:  ঘটিকা  থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী সরকারি কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত গেজেট প্রকাশ করে ১ই জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
আন্দোলনরত কর্মচারীরা মূলত ৭টি দাবি নিয়ে এই কর্মসূচি পালন করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- অবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশ, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা প্রদান, বিদ্যমান গ্রেড বৈষম্য নিরসন ও বেতন কাঠামো সংস্কার। বক্তারা বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, তাড়াশ উপজেলা শাখার সভাপতি, কম্পিউটার কাম সহকারী, জাহাঙ্গীর হোসেন কাজল এবং  সাধারণ সম্পাদক’  দপ্তরী, সানোয়ার হোসেনের নেতৃত্বে তাড়াশ উপজেলার সকল সরকারি দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ReplyForward