পৌর প্রতিনিধি, তাড়াশ:
তাড়াশে পুকুরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতি গ্রামে । নিহতের নাম সবুজ হোসেন (৩০) তিনি ঐ এলাকার মোঃআমিন হোসেন মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় , নিহত সবুজ (২১ জানুয়ারি) বুধবার আনুমানিক সকাল ০৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে বোয়ালিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাত ঘনিয়ে আসলে পরিবারের সদস্যরা ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি ।
পরবর্তীতে বৃহষ্পতিবার(২২ জানুয়ারি) আনুমানিক সকাল ১০টার দিকে বোয়ালিয়া গ্রামের একটি পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে সবুজের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত সবুজ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ দাফনের অনুমতি প্রদান করে।সবুজের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com