লেখক: মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ হাফিজা হুল্লাহ
মানুষ একদিনে বদলে যায় না।
কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে যদি কেউ ধীরে ধীরে নিজেকে সংশোধনের পথে এগোয়, তা
হলে সেই পরিবর্তন টেকসই হয়, গভীর হয় এবং আল্লাহর নৈকট্য এনে দেয়। আত্মগঠনের এই পথ কঠিন হলে
ও অসম্ভব নয়। নিচে ধাপে ধাপে এমন কিছু আমলের কথা তুলে ধরা হলো, যা অনুসরণ করলে একজন মুসলি
ম ধীরে ধীরে নিজেকে আল্লাহমুখী করে তুলতে পারে—ইন শা আল্লাহ।
প্রথম ধাপ: ঈমানকে দৃঢ় করা
প্রতিদিন কিছু সময় ঈমানী আলোচনা করুন। নিজের সাথে, পরিবারে কিংবা সমাজে আল্লাহর কথা বলুন। মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানান। এতে শুধু অন্যরা নয়, আপনার নিজের ঈমানও প্রতিদিন নতুন করে জাগ্রত হবে।
সব ধরনের ছোট ও বড় শিরক থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির উপর নির্ভরতা গড়ে তুলবেন না। সাহায্য, ভরসা ও আশা একমাত্র আল্লাহর কাছেই রাখুন। তাওহিদের উপর দৃঢ়তা ঈমানের মূল ভিত্তি।
দ্বিতীয় ধাপ: নামাজে অবিচল থাকা
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সময়মতো আদায় করুন। এর সাথে বারো রাকাত সুন্নত নামাজ নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলুন। কোনো অজুহাত, কোনো অবহেলা নয়—নামাজ হবে জীবনের অগ্রাধিকার। কারণ নামাজই বান্দা ও আল্লাহর মধ্যে সবচেয়ে শক্তিশালী সংযোগ।
তৃতীয় ধাপ: হারাম থেকে বেঁচে থাকা
হারামকে জীবন থেকে বিদায় দিন। হারাম সম্পর্ক, গান-বাজনা, নাটক, সিনেমা ও অশ্লীল কনটেন্ট থেকে নিজেকে সংযত রাখুন। মনে রাখবেন, হারামে লিপ্ত থাকলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় এবং আমলের কবুলিয়ত বাধাগ্রস্ত হয়।
চতুর্থ ধাপ: চরিত্রের পরিশুদ্ধি
গীবত, পরনিন্দা ও অহংকার—এই তিনটি আত্মিক রোগ নিজের ভেতর থেকে উপড়ে ফেলুন। জিহ্বার হিফাজত করুন। কথা বলার আগে ভাবুন। বেশি বেশি ইস্তিগফার পড়ুন। ইস্তিগফার শুধু পাপ মোচন করে না, বরং হৃদয়কে নরম ও আল্লাহমুখী করে তোলে।
পঞ্চম ধাপ: সঙ্গ ও পরিবেশ সংশোধন
যদি আপনার বন্ধুমহলে এমন কেউ থাকে যে আপনাকে গুনাহের দিকে টানে, তাহলে কিছু সময়ের জন্য হলেও দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে একাকীত্বকে গ্রহণ করুন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুচিন্তা মানুষকে অহংকার থেকে নামিয়ে আনে এবং রবের সাথে সম্পর্ককে গভীর করে।
ষষ্ঠ ধাপ: কুরআনের সাথে বন্ধন
প্রতিটি ফরজ নামাজের পর অন্তত পাঁচ আয়াত কুরআন তিলাওয়াত করুন। সেই আয়াতগুলোর অর্থ পড়ার চেষ্টা করুন। কুরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, জীবন তত আলোকিত হবে। কুরআন মানুষকে সম্মানিত করে—এ দুনিয়াতেও, আখিরাতেও।
সপ্তম ধাপ: পর্দা ও শালীনতা
মুসলিম নারীদের জন্য পর্দা কোনো বোঝা নয়, বরং সম্মানের প্রতীক। যথাসম্ভব পূর্ণ পর্দা পালনের চেষ্টা করুন। গায়রে মাহরামের সামনে অপ্রয়োজনে যাওয়া ও আকর্ষণীয় কণ্ঠে কথা বলা থেকে বিরত থাকুন। শালীনতা ঈমানের সৌন্দর্য।
অষ্টম ধাপ: যিকিরে অভ্যস্ত হওয়া
প্রতিদিন নিয়মিতভাবে আল্লাহর পছন্দের যিকিরগুলো পড়ুন—সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আজিম। যিকির জিহ্বাকে পবিত্র করে এবং হৃদয়কে জীবিত রাখে।
উপসংহার
এই ধাপগুলো আন্তরিকভাবে অনুসরণ করুন। নিজেকে নিয়ে হতাশ হবেন না। আল্লাহর দিকে এক কদম এগোলে, আল্লাহ বান্দার দিকে দশ কদম এগিয়ে আসেন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন—আপনার মন আপনাআপনি আমলের দিকে ছুটে যাচ্ছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের মতো করে গড়ে তোলার তাওফিক দান করুন।
আমীন।
লেখক তরুণ আলোচক ও গবেষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব
ইমাম ও খতিব আটাইল দক্ষিণ পাড়া জামে মসজিদ ভবানীপুর শেরপুর বগুড়া
চলনবিল বার্তা chalonbeelbarta.com