মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ, রায়গঞ্জ উপজেলা থেকে : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৯টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়ায় মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, অনুমোদন ছাড়া কাঠ ও জ্বালানি ব্যবহার, কৃষিজমি নষ্ট করা, পরিবেশ দূষণসহ একাধিক অপরাধে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় কয়েকটি ইটভাটায় বৈধ কাগজপত্রের ঘাটতি, নির্ধারিত চিমনির উচ্চতা না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়াসহ গুরুতর অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের জন্য সংশ্লিষ্ট ভাটামালিকদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে ভাটা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। একই সঙ্গে ভাটামালিকদের নির্ধারিত আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ ইটভাটার কারণে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং বায়ু দূষণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। নিয়মিত অভিযান হলে পরিবেশ রক্ষা ও জনভোগান্তি কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com