রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকাশ মাহাতো (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ।গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা থেকে তাড়াশগামী সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আকাশ মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় আকাশ মাহাতো মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দোস্তপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোক।স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র মাহাতো জানান, ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com