তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের তাড়াশে রাণীর হাট আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার রাতে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। রাণীর হাট সড়কের বেরখালি এলাকায় মাঝে মধ্যেই ঘটে ডাকাতির ঘটনা। সড়কের গাছ কেটে সড়কের মধ্যে গুড়ি ফেলে যানবাহনে ডাকাতি করেন ডাকাতদল।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দুর্গম এলাকা রাণীর হাট সড়কের বেরখালি। আশপাশের অদূরে কোন জনবসতি নেই। পুলিশ টহল জোরদার করলে ডাকাতি বন্ধ হতে পারে। অপরদিকে ডাকাতির শিকার ব্যক্তিরা অভিযোগ করেন, পুলিশের দায়িত্বহীনতায় ডাকাতের কবলে পড়েছেন তারা।
বগুড়ায় মালামাল নামিয়ে ট্রাক নিয়ে পাবনায় ফিরছিলেন রাকিবুল হাসান নামে এক ট্রাকচালক। তিনি বলেন, তাড়াশ-রাণীর হাট আঞ্চলিক সড়ক দিয়ে বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহরে চলাচল করেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাড়াশ থানার পুলিশ বেরখালি এলাকা থেকে মানিকচাপর বাজারে চা খাচ্ছিলেন। এক কিলোমিটারেরও কম হবে, সামনে যেতেই দেখি সড়কে গাছের গুড়ি পড়ে রয়েছে। আমি গাড়ি থামিয়ে দেই। তখন ১০ থেকে ১২ জন ডাকাত আমার গাড়ি ঘিরে ফেলেন। হাসুয়া দিয়ে কোপানোর ভয়ভীতি দিখিয়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নেয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একাধিক গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সড়কে গাছের গুড়ি ফেলে বেশ কিছুক্ষণ সময় ধরে চলে ডাকাতি।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ সদস্যরা চা খাচ্ছিলেন এরই মধ্যেই ডাকাতি ঘটে, বিষয়টি অনাকাঙ্খিত। যারা ডাকাতির শিকার হয়েছেন মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com